রত্নদীপা দে ঘোষ






দীপাবলী এবং অন্যান্য 


১।
ঠিক তখনি টের পাই দীপাবলির মৃদুশ্বাস
সেই নির্মাণপর্বে দীর্ঘ দুপুর শেষে বৃক্ষতল
পাতা ভাঙছে মোজাইক মজুর
মেঘের বাজুবন্ধ উত্তাপসকল আর অনেকাংশ রাত
এক ডজন হিমসসেজ আর একখানা আবগারি চাঁদ
নগ্ন হও , মৃত্যু হও ওগো প্রান্তবাসিনী মেয়ে
সোপানে সোপানে লেখো আদিম সূচকবিন্দু
ছদ্মবেশী নক্ষত্রসেতু পেরিয়ে তুমি ... নাভিতে গুঞ্জাফুলের গয়না
রাতভর বেজেছে কাঁকনে সুরেলা গান্ধার
ওগো মেয়ে তোমার ডাকনাম অন্তরীক্ষ

২।
যে আকাশ ঊঠেছে জাহাজের ডকে পোষা ঢেউয়ের পায়ের ছাপ
যে আদরটি ফিরিয়ে এনেছে নাবিক ছাপোষা ব-দ্বীপ থেকে
যে বাতিঘর প্রেমিক দস্যু হয়ে ফিরে আসে প্রতিশোধ নিতে
বাতাসে ফ্রিল দেওয়া পিকনিক মেখে যে ঋতু গড়িয়েছে
হেমন্ত ঘাগরায় ...
ওই যে পেতলের রিকাব , খামারঘরের সলতে
ওই যে আগুনের ঝালর ইচ্ছেটুকুর অন্ত্যমিল
একা হওয়া মিনার , মিনারের গায়ে প্রদীপের ঝিঁঝিঁরোদ
আপেলরঙা সেলুলয়েড স্নিগ্ধ কুয়াশায়
আর কুয়াশার পায়ে পায়ে অজস্র বালিকাগাউন ...
সৈকতে মহীনের দীপাবলি ...

৩।
... তারপর সব পুরনো অপরাধী ভেঙে ফেলতে চাইলো তাদের সাম্প্রতিক জেলখানা । রক্তের মধ্যে ঘনিয়ে আসে ইস্পাত যার রঙ আর আদল মিলে যায় প্লেট লেট আর ঊনত্রিশ বয়েসী অন্ধকারের সাথে ।
লো টিউনে বাজে লোডশেডিং , ফাঁক পেলেই কয়েদীর পায়ে বেঁধে দেবে অবৈধ জ্বালানী । অবৈধ শব্দটির সাথে অপরাধীদের পুরনো সম্পর্ক সুতোয় বাঁধা ঘড়িটির দুটি কাঁটা জেলখানার বিধিবদ্ধ সতর্কতা
অন্ধকার রেঁধে খেতে খেতে দীপাবলির এখন সাড়ে ছাপান্ন -

কলকাতা ।



রত্নদীপা দে ঘোষ রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

২টি মন্তব্য:

  1. লেখা তিনটি পড়ে খুব ভাল লাগল । লো টিউন - মনগ্রাহী ।

    উত্তরমুছুন
  2. দীপাদি, অসম্ভব সুন্দর লাগলো তোমার কবিতা। কবিতাঘোরে থেকে গেলাম।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.