
প্রিয়তম কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মমাস নভেম্বর...উনার প্রিয়তম একটি কবিতা..."অবনী বাড়ী আছো"...এবং কবিকে আমার ট্রিবিউট দুটি কবিতায়...
অবনী বাড়ী নেই
আমার হাঁটা নিশি-পাওয়া
নিশি তুমিই আমার সখী
তন্নতন্ন খুঁজে যাওয়া
আকুল চোখে তোমায় দেখি
আমার দেখা রূপকথাময়
রাজকন্যা-বিহ্বলতায়
মুগ্ধশিশির চুপকথা হয়
দেখে-যাওয়া ভোর হয়ে যায়
জানি আমি দেখবে তুমি
ফিনকি দেওয়া রক্তক্ষরণ
চোখটা আমার নেতিয়ে গেলেও
দেখার যে তাও হয় না মরণ
এমনটিই আদেখলাপন
গাভীর চোখের সরল গড়ন
বাড়ীতে নেই অবনী আজ
নিশি-পাওয়ায় হাঁটছে চরণ ।
বান্ধবনগরের বাড়ীটি
আমাদের বাড়ীটি থাকে বেশ
আমাদের বাড়ীটি -- বান্ধবনগরে
নানা ফুল চোখ মেলে ভোরে
দেওয়াল পাঁচিল নেই -- শুধু ছায়া ঘেরা
চঞ্চলতা কাঠবেড়ালী হয়ে আসে, গভীরতা,
মেঘের ছায়ারা -- ঘন হয় ঘাসে, আঁকে
ছায়ার কবিতা। পাশের বাড়ীর দিদা ফুল নিয়ে যান
দেবেন পূজার আসনে তাঁর, নিত্যকার
আবিষ্ট অনুষ্ঠান। ভুল করে বেল টেপে লোক
"অবনী বাড়ী আছো"? আমি বলি "নেই
রজনী-গন্ধা নেবেন এক থোক?" চলে যায়
না নিয়েই। নবীন যুবক আরেক অসহায়
ফুটন্ত গোলাপ নিল দেখি, অপেক্ষায় অনেক
বাস-স্টপে আর কোন ফুল -- মূরছায়। আলগোছে
রংগন-থোকা, কবরীতে নিল গুঁজে,
মৃদু হাসি - চাউনিতে ছুঁড়ে এক মেয়ে,
ঠিক যেন বনলতা সেন -- নীল শাড়ী মুড়ে
আমি দেখি বসে সব। ফাঁকা রয়
কবিতার খাতা, খোলা রয় উপেক্ষিতা পেন
আধখোলা চোখে দেখে না হওয়া লেনদেন
আমার কুকুর -- কিছুটি বলে না সে ও
এভাবেই সকাল গড়ায়, গড়ায় বিকেল-ও
পাখীরা ফিরবে এবার দিন হলো শেষ,
পাখীরা ফিরবে ঘরে—সন্ধা-হাত ধরে
এভাবেই আমাদের বাড়ী থাকে বেশ
আমাদের বাড়ীটি – বান্ধবনগরে -
কলকাতা ।
অমিতাভ দাশ
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ১৪, ২০১২
Rating:
দ্বিতীয় কবিতাটি ভাল লাগল ।
উত্তরমুছুন