পৃথা রায় চৌধুরী






না বলা কথা 


(ক)

সকাল থেকে অনেকটা পথ হাঁটলাম
কথা বললি না একটাও
শুধু পাশে পাশে হাঁটছিস
তোর জেদেই তো এলাম এই মরুভুমিতে
বালি তো সকালে ভালই লাগছিল
সূর্যটা যখন ভীষণ তেজি
কষ্ট হল চলতে
তুই আছিস তাই সূর্যটাও আছে
আর সে আমার গায়ে
আলো মাখাচ্ছে, রোদে ভেজাচ্ছে
সহ্য হয় না তোর
তখন অভিমান
তুই থাকলে সে তো থাকবেই
সে আমায় ছুঁলেই তোর রাগ
দেখ না, কি সুন্দর কাঁটাগাছ
আর উটের সারি
চল না, একটু সওয়ার হই
তোর আদরের থেকে ওই কাঁটাগুলোর
আঁচড় নোনতা
মরীচিকা দেখে হাততালি দিতেই
তোর শাসন
এতো হইচই খুশি নাকি বারন
আমি কার সাথে ভাব করি
সূর্য নয়
মরীচিকা নয়
চাঁদ তারা কেউ নয়
সূর্যটাকে দেখে একটু হাসলাম
ঠোঁট ফুলিয়ে বললি,
“হাম আপকে হ্যাঁয় কৌন”
চল বন্দি হই এবার
রাত তো অনেক হল
আমি দেখি আকাশ
তুই দেখ তোর অর্ণবি।


(খ)

ছিঁড়েই দিলি শাহরুখের ছবিটা
শুধু বলেছিলাম, “কি হ্যান্ডসাম!”
এতেই তোর মেজাজ সপ্তমে
টান মেরে খবরের কাগজ লক্ষ টুকরো
হাসছি তো তোর ওপর
রাগ দেখিয়ে আবার বললি, “ওই!
জানে মেরে দেবো!”
মার আমায় এক্ষুনি
মরলে নাকি তোর গায়ে তারা হব
তবু তো তোর সাথে লেপটে থাকব
কাল থরের গরম বালিতে হেঁটেছি একসাথে
তোর সাথে থাকার উষ্ণতার কাছে
সে জ্বালা কিছুই নয়
মরুভূমি জ্বলন্ত শীতল
আকাশ হিম আগুন
জ্বালাব তোকে, জ্বল্বি
জানি সব শেষে সেই এক ভাবে
কানে মুখ রেখে বলবি,
“আমার অর্ণবি!”


(গ)

চড়াই উতরাই ভাঙছি
তোর সাথে তাল মিলিয়ে
পাহাড়ের গা ঘেঁষে
ছোট্টো তিরতিরে ঝোরা
নামহীন, কিন্তু সুন্দরী
ঠিক আমাদের সম্পর্ক
জনহীন চারপাশ
কাছে টানা
একটু আবেশে হারানো
আর হঠাৎ তোর নাকের ওপর
আমার আঙ্গুল
“দেখি তো চ্যাপ্টা নাকে কেমন লাগে...”
ছেলেমানুষি পুরুষালি হেসে বললি,
“কাল ভোর আঁধারে টাইগার হিল,
আকাশ সূর্য ওঠাবে দেখিস
তোকেও রাঙ্গাবো রে আমার সাথে
আমার অর্ণবি...”


(ঘ)

ঘুম মাখা চোখে তোর সাথে
টাইগার হিলে সূর্য জন্ম
অন্ধকার আর ভিড়ের মাঝে
দুজনে রেলিঙের এক নিরালা বিন্দু
একটু সাহস কি বেশি
আমাকেই শুধু দেখবি বলে কি এতটা এলি
সোনা আসছে
সব উত্তাল রকম স্তব্ধ
এতো লাল দেখাচ্ছে তোকে
লজ্জা ছেড়ে নিলাম তোর নীলিমা
কলরব ফিরে চলল
চল এবার ফিরি
হঠাৎ দুষ্টু হাসলি,
“আকাশের দেওয়া লজ্জা রঙে
তুই দারুণ লাগিস, অর্ণবি...”

কলকাতা ।



পৃথা রায় চৌধুরী  পৃথা রায় চৌধুরী Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.