স্পর্শের অধিক স্পর্শ
তোমার অশরীরি স্পর্শে আমি আলোড়িত
স্পর্শের অধিক সে স্পর্শ -
পৌঁছে যাই আনন্দমার্গের উচ্চতর ধামে।
মুঠোফোনে ভেসে আসে ভালবাসা
অনুভবে অনুভূত তুমি- তোমার মন, শরীর
পেয়ে যাই সবটুকু তোমার।
নিজস্ব সরোবর
আমার এক নিজস্ব সরোবর আছে
মানস সরোবরের বাড়া সে
সংগোপণে একান্তই সে আমার।
ভোগবাদি ঔরশে যাপিত জীবন
কর্পোরেট শৃঙ্খল-দলিত মনন
ইঁদুর দৌড়ে ক্লান্ত আমি
আমার ভেতরের আমি গেয়ে ওঠে
'মন মাঝি তোর বৈঠা নে রে ...'
হৃদয় তন্ত্রীতে ঢেউয়ের আওয়াজ-
সরোবর ডাকছে যে ডাগর চোখ তুলে
সহসাই দেই আমি ডু্ব -
পরম মমতায় জড়িয়ে ধরে সে
শান্তি জলে শরীর জুড়ায়
জল হয়ে যায় হযরে আসওয়াদ-
শুষে নেয় বিষণ্নমাখা দু:খবোধ
নিমেষেই হয়ে পড়ি অনন্ত সুখী
অপাপবিদ্ধ দেবশিশু এক।
এভাবেই বারবার ..
দু:খ শুষে নেয় সে
সংগোপণে একান্তই সে আমার।
জিন কোডে থেমে যাবে কেরামুন, কাতেবিন
ধমনীতে প্রবহমান পূর্বপুরুষের শোণিত -
পূর্বপুরুষ মানে পিতা, পিতামহ, প্রপিতামহ,
তারো পিতা, তারো পিতা, তারো পিতা ... বাবা আদম তক
জিন মানচিত্রে মননের মূলসূত্র -
ইডেন গার্ডেনে আদি পিতা-মাতার অদম্য কৌতুহল
হেরে যায় ঈশ্বরের নিষেধের তর্জনী।
অত:পর স্বর্গচ্যুত অভিশপ্ত মানব আমি পৃথিবীর পথিক
জিন কোডে কেরামুন, কাতেবিন ব্যস্ত নিয়ত
লিখে চলে পাপ-পূণ্যের খেরোখাতা।
ধমনীতে প্রবহমান পূর্বপুরুষের শোণিত সাক্ষী-
তুচ্ছ কবি আমি পৃথিবীর পথে
মননের মূলসূত্রে অদম্য কৌতুহল
চর্তুমাত্রিক বিশ্বেই জেনে যাব আমি
নদী, নারী আর সময়ের গুঢ়তত্ত্ব;
অত:পর একদিন সসীম চেতনায় ফ্রেমবন্দী অসীম ঈশ্বর তুমি!
জিন কোডে থেমে যাবে কেরামুন, কাতেবিন।
ঢাকা , বাংলাদেশ ।
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১২
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১২
Rating:




ক্ল্যাসিক ---
উত্তরমুছুন