
ভাঙ্গনের শব্দ শুনি
যুগপৎ পথ চলতে চলতে পরিশ্রান্ত ছায়া
হঠাৎ বিস্মৃতির গহ্বরে আটকে যায়
থমকে দাড়ায় সব ভাবনা।
শত ছিদ্র লজ্জার চাঁদর
মানে না কোন জাগতিক নিয়ম
বিশ্রামের খোঁজে বুকের অরণ্যে মাথা ঘষে
খুঁজে নেয় জীবনের উষ্ণতা
তবু জীবন পানসে, অনর্থক বেঁচে থাকা।
জ্যোৎস্না টোকা দেয় বন্ধ জানালায়
আলোর বন্যায় বসেছে সন্ধ্যা আসর
শাস্ত্রীয় নৃত্যে গুমরে উঠে বুকে গচ্ছিত কান্না
অকৃপণ নৃত্যের মুদ্রায় সুখ বিলায় বিনোদিনী
রাত ভর চলে রোমন্থন, ভুলে যাই ভাঙ্গন
সেই তামাক মিশ্রিত কটু ঘামের গন্ধ
ঘরকুনোয়ের উদ্দেশ্য বিহীন যাপিত জীবন।
প্রতিদিন প্রতিনিয়ত শঙ্কায় ডুবি
ভাঙ্গনের শব্দ শুনি নিয়মিত
নিয়তিতে সংরক্ষিত তাসের ঘর! বালির বাঁধ!
তবু খুঁজি ! জানি ফিরে আসবেই
মন সমুদ্রে ভাসাবে ভালবাসার তরী।
চাই অজ্ঞতার সমাপ্তি!
জানি সময়টা এত সহজবোধ্য ছিল না
পৃথক করে চিহ্নিত করনি নিজস্বতা
উদ্ভাসিত হওনি তখনও আপন সত্তায়
ভিতরে আড়মোড়া ভাঙ্গে সুরের ব্যঞ্জনা।
স্বরূপ জানতে গিয়ে আবিষ্কৃত হয় পরিত্যক্ত বন
বর্ধিষ্ণু গাছ-গাছালির ভিতর চলে নগ্ন বন্যতা
নিধনকারীর উপর লোলুপ দৃষ্টি, হয় অনাসৃষ্টি
মনীষা, বুদ্ধির শৈলীতে দুর্বৃত্ত থেকে পাও পরিত্রাণ।
এভাবেই কৌশলের কাছে মার খায় বন্যতা
ভাগ্যের দণ্ড! রাহু চক্রে! খায় ঘোর পাক
প্রাপ্তির শূন্যতাতেও বিরাট অর্জন! সতীপনা!
শ্রুতিকটু বটে! তবু এর চাহিদা শতভাগ!
প্রত্যাখ্যাতে প্রসারিত হাত মুষ্টিবদ্ধ হয়
করুণা নয় চাই প্রাপ্ত অধিকারের ছাড়পত্র
বিশ্বাসের বিনিয়োগে চাই শতভাগ মুনাফা
সাপ লুডুর খেলা নয়! চাই অজ্ঞতার সমাপ্তি!
এ অনিচ্ছাকৃত প্রাপ্তির সুখ!
এক হুঙ্কারেই কেঁপে উঠে সমস্ত শরীর
মেঘ সিক্ত বুকের উপর ব্যাঘ্র নি:শ্বাস
অস্তিত্ব টের পাই ধ্বংস স্তূপের ভিতর
প্রশান্তির বাতাস! রাত ভর থেমে থেমে বৃষ্টি
শরীরের সব নির্জীব স্নায়ু সতেজ হয়ে উঠে।
গোপন জানালায় শুকনো জলের ফোঁটা
জানান দেয় উষ্ণ স্রোতের আগমনী বার্তা
নিরুদ্দেশ বাতাসের ঘূর্ণিতে সব লণ্ডভণ্ড
বিছানায় সুখের ক্লান্তিতে বিধ্বস্ত দেহ
মেঘবতীর অবিন্যস্ত কেশ তার নীরব সাক্ষী
আবার বোধয় জেগেছে রিপু! শোন হুঙ্কার!
জলের কল কল শব্দ! ঝড় আসন্ন!
বুকের ভিতর সন্ত্রস্ত নৃত্যরত পাখী
অনিদ্রার ঘুঙুরের শব্দে ভুলে যায় গোপন মুদ্রা
বৈরিতাকে ডিঙ্গাতে জ্বেলে দেয় মঙ্গল বাতি
ছায়ার মত লেপটে থাকা অশরীরী মানুষ
কেড়ে নেয় সর্বস্ব! এ অনিচ্ছাকৃত প্রাপ্তির সুখ!
নিবৃত্ত হই! আগামীর আশংকায় গুটিয়ে যাই।
সুখের উজ্জ্বল মোড়কে একটি পক্ষপাতহীন দুপুর
বদলে দিবে দাহের জীবন! এ অলিক ভাবনা
ভুলের খোঁজে বেতাল সব তবু হয় সন্ধ্যা উৎসব
অনিদ্রার ঘুঙুরে ঘুম পাড়ানি শব্দে! সুখের অসুখ!
তবু জখম রাতের তৃপ্তিতে ছন্দ পতন ঘটে!
মনের ভিতরে সুখের দংশন ছড়ায় নীল বিষ ।
ঢাকা , বাংলাদেশ ।
এ বি এম সোহেল রশিদ
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১২
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১২
Rating:



ভালো লাগলো আপনার লেখা । অভিনন্দন সম্পাদক মহাশয় ।
উত্তরমুছুনকৃতার্থ হলাম ...
উত্তরমুছুনঅনুপ্রানিত হলাম ....
আপনাকেও অভিনন্দন