অবলোকন
আজকাল কোনোকিছুই
গায়ে মাখিনা আমি
না তেল সাবান, না তোমার
কথার তেতোরস।
তুমিতো বলতে বলতে ঘরজুড়ে
জ্বালিয়ে দিয়েছো আগুন!
দাউদাউ জ্বলছে ভিতর বাহির।
তবুও কষ্ট নেই, নেই এতোটুকুও দুঃখ।
নিদ্রাহীন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি
ভাঙা চশমার ফাঁক দিয়ে
গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বেলা।
তুচ্ছগুলো পুচ্ছ নাচায়
তুচ্ছগুলো তুচ্ছতো নয়
গুচ্ছ গুচ্ছ ফুল,
বিন্দু থেকে সিন্ধু হয়ে
গড়ে সে দুই কূল।
চলে ফিরে জোয়ার ভাটা
ঢেউ খেলে হররোজ,
তুচ্ছগুলো পুচ্ছ নাচায়
স্বপ্ন করে খোঁজ।
ফুলেশ্বরী
তুমি আমার ফুলেশ্বরী
সবুজ বনবীথি,
বুকের ভিতর ঢেউ খেলে যায়
তোমার প্রেমের স্মৃতি!
সেই যে কবে ছেড়ে এলাম
সেই যে কবে দেখা,
দূর প্রবাসে এখন আমি
গুনছি সময় একা।
ঘুম ধরেনা চোখের পাতায়
তোমায় ভেবে ভেবে,
তুমি ছাড়া কে আর বলো
শীতল পরশ দেবে?
না পাই খুঁজে সবুজ ছায়া
ধূসর মরুর বুকে,
দারুণ কষ্টে জেগে আছি
শুধুই ধুকে ধুকে!
মাহমুদ নজির
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন