
ব্যর্থ কবির কাব্য
আস্ত সমাজটাকে গিলে খাচ্ছে অজগর
রাস্তায় দৃশ্যমান নিরপরাধ মানুষের
লাশের শো-পিস ,
দুর্নীতি আর অপরাধে সমাজ ছেয়ে
গেছে ড্রাকুলায়।
এদিকে যুব সমাজ মত্ত ফেসবুক প্রেম
আর বনেদী সিগারেটের ধোঁয়া সেবনে ।
নিজের স্বার্থ পূরণের মনোবাঞ্ছায়
রাজনীতিবিদগণ ব্যতিব্যস্ত
আঁখের শরবত মুখে পুরে ,
গৃহপালিত বুদ্ধিজীবী সমাজ এখন
আদা রসুনের ব্যাপারী
নিজেদের পকেট ভারীর নেশায় মত্ত ।
তারা যুব সমাজটাকে ব্যবহার করছে
আপন স্বার্থে ,
আবার দুদিনের মাথায় ঠেলে দিচ্ছে
অনিশ্চিত ভবিষ্যতের দিকে ।
জাতির দুর্দিনে আমার কবিতারা
পুরোই ব্যর্থ , এসব ছাইপাশ পড়ে
মিছিলে যায় না নব প্রজন্ম ,
তাদের ধূসর চোখের মণিকোঠায়
রঙিন স্বপ্নের বীজ বপন করে না ।
আমি সেই ব্যর্থ কবি ,
যে কিনা ঘুমিয়ে আছে কবিতায় প্রেমের
পসরা সাজিয়ে ।
বারবার কাপুরুষের উপমা হচ্ছে
পূর্ব কিংবা উত্তর পুরুষের কাছে ,
জাতির এমন দুঃসময়ে কবিতায়
নারীকে সাজাবার জঘন্য অপরাধে ।
প্রাত্যহিক জীবন যাপন
অদ্ভুতভাবে সময়টা উল্টো পথে হাঁটছে
পিছনের পথে ছুটছে ঘড়ির কাটাও ,
আর সামান্য পথ পাড়ি দিলেই
পৌঁছে যাব অন্ধকার যুগে।
পত্রিকা পাতা উল্টাতে সাহস লাগে এখন ,
ঠাসা মলিন খবরে ব্যর্থতার প্রতিচ্ছবিতে
লাল রঙের অসহ্য কালির শিরোনাম :
দুই গ্রুপ পিপড়ার মারামারির ফলে
চামচিকাদের জীবনে সীমাহীন কষ্ট ।
কিংবা পেছনের পাতায় থাকে, নেংটি ইঁদুর
গিলে খেয়েছে আস্ত বড় এক অজগর ।
বিনোদনের পাতায় মাঝারী হরফে লেখা থাকে ,
পুদিনা পাতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কল্যাণে
কুৎসিত মিস আঙ্গুরি বেগমের
রসুন সুন্দরী এওয়ার্ড লাভের কথা ।
খেলার পাতায় থাকে মিস আদার
বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ,
অতঃপর আদালতের নির্দেশ লিঙ্গ পরীক্ষার ।
এতো কিছুর মাঝেই একটাই পজিটিভ: রাশিফল
এখানেই সব কিছুই দেয়া থাকে অনুকূলে ,
যদিও দিন শেষে প্রাপ্তির ফল থাকে শূন্য ।
ঈশ্বর আমাদেরকে ঠিক এভাবেই এক টুকরো
মিষ্টির মোয়া ধরিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমচ্ছেন ।
চট্টগ্রাম ।
ইমেল নাঈম
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন