শংকরপুরে রাতটা একটু একঘেয়ে। সমুদ্র দেখা যায় না, কোনো আওয়াজ নেই । তবে আমাদের চিন্তা নেই। মহম্মদ যদি পর্বতের কাছে না যেতে পারেন, পর্বত ই এসে হাজির। পাহাড় নয় সমুদ্র , পেটি পেটি সমুদ্র। আমার বরাবরই টানটা চাটের দিকে, জলের থেকে স্থলেই আমি বেশি স্বছন্দ। আমি আর প্রসাদ আমাদের ভাগেরটা মেরে দিয়েছি, নিরু মানে নিরুপম একটা পেগ নিয়ে একটু দূরে চেয়ার এ বসে আছে সঙ্গে পমফ্রেট মাছ আর মুরগি ভাজা, অনেক ক্ষণ ধরে ওই একটা পেগ ই খাচ্ছে, আদৌ খাচ্ছে কিনা কে জানে । কলু মানে কল্লোল, একটার পরে একটা পেগ মেরে যাচ্ছে আর সঙ্গে কিপ্টের মত একটু একটু চাট খাচ্ছে। আমি আর প্রসাদ কেবল লক্ষ্য করে যাচ্ছি কখন কলু একটু অন্যমনস্ক হবে আর আমরা ওর চাটটা খাব । কিন্তু ব্যাটার টনটনে জ্ঞান, প্রচুর ভাট বকছে, আর আমরা যেই হাত বাড়াচ্ছি ওর খাবারের দিকে, মুখ ভেটকে কাঁচা কাঁচা খিস্তি খেউর করছে।
আমি একবার বললাম, “আরে তোর'টা তো আগে ই খেয়ে ফেলেছিস এগুলো আমাদের”। খেউর করে বলল, “আমার'টা খেয়ে ফেলেছি, আমায় কি মাতাল পেয়েছিস ?”। নিরু ঠান্ডা গলায় বলল, “আর একটু আনিয়ে নেবো ? লাগবে?”। প্রসাদ বলল, “ছেড়ে দে, দাদু”। আমার ডাকনাম দাদু। কেন বলে জানি না, তবে ক্লাস টু থেকে শুনতে শুনতে ওই নামটা নিজের নামের মতই হয়ে গেছে, এতদিন পরেও ওই নামেই বন্ধুরা ডাকে ।
আমরা সব স্কুলের বন্ধু। মাঝে প্রায় পঁচিশ বছর দেখা হয়নি। প্রথম যখন দেখা হল কয়েকমাস আগে ভেবেছিল পঁচিশ বছর তো কম সময় নয়, আর কি মিশতে পারব সহজ ভাবে ? প্রথম দিন মিলিত হবার পরে যখন আমরা কয়েক ঘন্টায় পৃথিবীর যাবতীয় বিষয়ের গল্প করে ফেললাম এবং নিজেদের অভিজ্ঞাতা ও শেয়ার করে ফেললাম - বুঝতে পারলাম চিন্তাটা অমূলক ছিল, আমরা এখনো স্কুলের বন্ধু। এবং তারই ফলে আমরা চল্লিশোর্ধ চার তরুণ এসেছি বেড়াতে।
“বাইরেটা একটু দেখে যা, কি করছিস ঘরে বসে বসে ” - নিরু বারান্দা থেকে থেকে বলল। বাইরে বেরিয়ে দেখি আলোর বন্যা। আজ পূর্ণিমা, মনে ছিল না। আমি আর প্রসাদ বাইরে এসে দেখি জ্যোস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। এমন সময় কলু এসে উপস্থিত। এক হাতে কামেরা, আর এক হাতে গ্লাস। আমার হাতে গ্লাসটা ধরতে বলে ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে লাগলো। বলল, “এক ফোঁটা খাবি না কিন্তু”। প্রসাদ ঘরের ভেতরে ঢুকতে যেতে ই বলল, “চাটে হাত দিবি না ”। এখনো টনটনে জ্ঞান। আমি বললাম, “এতো লো লাইটে ফটো উঠবে ?”। “উঠবে মানে, ফটোর বাপ উঠবে …”, বলতে বলতে কলু বারান্দার পাঁচিলের ওপর ক্যামেরা টা রাখল। বুঝলাম ওটার ওপর ক্যামেরাটা রেস্ট করে ফটো তুলবে।
সত্যিই খুব সুন্দর। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। সকালের দেখা ঝাউ গাছ গুলোকে একদম অচেনা লাগছে। কালচে নীল আকাশের মাঝে একটা রূপোর থালার মত গোল চাঁদ। যেন এক মোহময়ী কৃষ্ণকলি চুমকির টিপ পরে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে মিটি মিটি হাসছে । তার নীচে পৃথিবী। এবং সেখানে আমরা চার টি প্রাণী ছাড়া আর কেউ নেই। কতক্ষণ এইভাবে ছিলাম মনে নেই, প্রসাদের কথায় চমক ফিরল, “তোরা আর কতক্ষণ এভাবে থাকবি বল তো ? আমার তো ক্ষিদে পেয়ে গেল।”
মেনুটা দারুন। চিকেন কষা আর মোটা মোটা রুটি। সঙ্গে পিঁয়াজ আর কাঁচা লংকা। নিরু রুটি খায় না বলে ভাত বলে রেখেছিল, সঙ্গে সামান্য পাতলা মুসুর ডাল । কলু বলল ও ভাত রুটি দুটোই খাবে। “হাত ধুলি না?” বলে হাত ধুতে চলে গেল টয়লেট এ। বললাম, “বেসিন এ হাত ধুয়ে নে”। আমার দিকে না তাকিয়েই ডান হাতের কড়ে আঙ্গুল টা উঁচু করে চলে গেল। প্রসাদ বলল, “হবে না, এত জল খেল”।
কিছুক্ষণ পরে ফিরল। ততক্ষণে টেবিল এ খাবার সার্ভ করে দিয়েছে। ফিরে এসে দেখি একটু উসখুস উসখুস করছে। নিরু বলল, “কিছু সমস্যা ?”। কুলু বলল, “হাঁ, খেয়ে নে আগে “।
চেটেপুটে খেলাম, যদিও মন টা খচ খচ করছিল, কি আবার সমস্যা হল। হাত ধোয়ার পরে বলল, “চল ওপরে “। “ওপরে মানে?”, নিরু বলল । “ছাদে”, এক অসম্ভব গম্ভীর ব্যক্তিত্বপূর্ণ গলায় কলু বলল। আর বলেই না থেমে সিঁড়ির দিকে এগোতে লাগল। আমরাও এগোলাম। ছাদে গিয়ে নিরুর হাত টা টেনে ধরে বলল, “আমি চাঁদ দেখেতে পাচ্ছি না কেন ? আমায় চাঁদ এনে দে “। নিরু বলল, “ঠিক আছে, হয়ত দেখতে পাচ্ছিস না এখন একটু পরে নিশ্চই পাবি “। আমরা ভালো করে তাকিয়ে দেখি আকাশে সত্যিই চাঁদ নেই! তন্নতন্ন করে খুঁজলাম। ভানিশ, গায়েব !
অনেকক্ষণ খুঁজে ব্যর্থ হয়ে ফিরে এলাম ঘরে। কলু চাঁদের বিরহে কাতর হয়ে ঘুমিয়ে পড়ল। কি স্বপ্ন দেখছিল ওই জানে। তবে সেই রাতে আমরা সবাই কেন যে চাঁদ দেখতে পেলাম না, সে রহস্য আমার এখনো রয়ে গেছে। হয়তো চাঁদ সত্যি ই ছিল না, প্রথম দেখাটাই একটা মায়াবী স্বপ্ন, যা আমাদের এখনো উঁকি দিয়ে চলে যায়। বড় হলে তো স্বপ্ন দেখা কমে যায়, তাই ছোটবেলার বন্ধুদের ফিরে পেয়ে সেই ছোটবেলার স্বপ্নগুলো একবার দেখে যায় কেমন আছি আমরা সবাই - বড় হয়ে ।
জানেন, পুরো গল্পটাই একটা স্বপ্ন। গল্পটা কি স্বপ্ন নয়, নাকি সত্যিটা গল্প নয়।
![]() |
| পরিচিতি |
সুদীপ ভট্টাচার্য্য
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১১, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন