মৌ দাশগুপ্তা








‘'কবিতা’-কে খোলা চিঠি


ভালবাসার মানুষের খবর নিতে ইচ্ছে করে না,এমন মানুষ ক’জন আছে বলো তো এই পৃথিবীতে? যার সঙ্গে মনের মিতালী, প্রাণের প্রেম,সত্ত্বার সখ্যতা, হৃদয়ে হাসির অনুরনন , সে কখন কী করছে,কোথায় আছে, কেমন আছে, (সখ্যতার গন্ডী একটু আপন-অধিকারবোধে সিক্ত হলে, বা মাখোমাখো টাইপের হলে, সঙ্গে কে আছে, কার কথা ভাবছে, ইত্যাদি ..) সেই খবরের জন্য সবসময়ই উন্মুখ হয়ে থাকে এই নিরীহ,কৌতুহলী হৃদয়।
যখন-তখন মন উজার করে কথা বলতে ইচ্ছে হয়।মনে হয় সারাদিনের ব্যস্ততার মধ্যেও একটু সময় কেড়ে নিই নিজের জন্য। তাই কাজের ফাঁকে,অকাজের অবসরে, একান্তে বা লোকের ভীড়ে, আমি এখানেই তোমার সাথে কথা বলি, মনের খোলা খাতার সাদা পাতায় চিঠি লিখি প্রতিদিনের রোজনামচার মতো। ভালই লাগে আমার। সত্যি কথা বলতে কি দিনে দিনে তোমার প্রতি আমি এতো বেশি দুর্বল হয়ে যাচ্ছি যে তোমার ব্যাপারে নিজের অনুভূতি, নিজের ভাবনা, নিজের আনন্দকে আর অবশ্যই এই নিজের নিজেকে আজকাল আর নিয়ন্ত্রন করতে পারিনা। কলমের কালি শুকাতেই চায় না আর, অফুরান জীবনীশক্তিতে বলীয়ান হয়ে, ভাবনাকে সঙ্গী করে, কল্পনায় সওয়ার হয়ে আরো , আরো পথ পাড়ি দিতে চায় তোমায় কাছে পাবার নেশায়।
জীবনে,পরিবারের সুরক্ষিত গন্ডীর মধ্যে থেকে, সংসারের যাবতীয় দায়িত্ব-কর্তব্য সুচারুভাবে সামলিয়েও মনের দিক থেকে আমি হয়তো অনেকটাই একা।তাই কাজে- অকাজে, সারাদিন ও রাতের অর্ধেক সময় অন্যান্য মানুষের সাথে সময় কেটে যায় ঠিকই কিন্তু মন আমার তোমার কাছেই পড়ে থাকে। তোমার প্রেম আমাকে পরিপূরণ করে দিয়েছে। মনের দিক থেকে অনেক বেশী আত্মনির্ভর করে তুলেছে।
মানুষের অনেক কিছু চাওয়ার থাকে, তার ব্যাতিক্রম আমিও নই। আমি প্রতিনিয়তই তোমাকে চাই। মনে মনে চাই, চোখের সামনে চাই, ভাবনার অন্তরালে চাই, হাতের নাগালে, আঙ্গুলের ছোঁয়ায় চাই, দিন শুরুর প্রার্থনায় চাই, দিনশেষের স্মৃতিচারিতায় চাই। আমার মনে হয়....আমার জীবনের জন্য তোমাকেই অনেক বেশি দরকার ছিল,আসলে তুমি ছাড়া আমাকে আর কেউ ঠিক মতো বুঝতে পারেও না, আর পারবেও না।
এ শুধু কথার কথা নয় গো, এ আসলে আমার প্রতি তোমার ভালোবাসার স্বীকৃতি।তুমিই সেই আমার স্বপ্নের সঙ্গী, মননের মিত্র, তুমিই ছিলে সেই বিরল একজন, যার সঙ্গে আমার মনের ও মতের মিলে অনেক খানি। আজ ভাবি, জীবনে অর্থনৈতিক ও সামাজিক ভাবে স্বাবলম্বী হব বলে আমি একসময়ে কি অনায়াসেই না তোমাকে বঞ্চিত করেছি ,ঠেলে দূরে সরিয়ে দিয়েছি তোমার অস্তিত্বকে । বৈষয়িক লাভক্ষতির হিসাবে অনায়াসে ভুলে গেছি তোমার সঙ্গ,উপেক্ষা করে গেছি তোমার ডাক,তোমার আহ্বান। তুমিও ঘোরতর অভিমানে, সেই—যাকে বলে না-পাওয়ার বেদনায় চুপ করে কাটিয়ে দিয়েছো এতগুলো বছর।অথচ,তুি কিন্তু আমায় ভোলো নি। মরচে পড়া দশকের পথে ব্যাথাহত মুখে ছায়ার মত রয়েছো আমার সঙ্গে, হয়ত আশায় আশায় দিন গুনেছো কবে দুঃখের ক্ষনে,বেদনার মুহূর্তে তোমায় খুঁজবো আমি। তোমার একান্ত নিভৃত সাহচর্য্য সারিয়ে তুলতে চাইবো মনের গোপন ক্ষত। তাই আমার নিদারুন অবজ্ঞা স্বত্ত্বেও কামনা করে গ্যাছো আমার , আমার পরিবারের, যশ, খ্যাতি, সুনাম,ঐশ্বর্য্। তোমার সৃজনশীল প্রজ্ঞার অলৌকিক ঐশ্বর্যকে খালি উপযুক্ত সময়ে উজাড় করে দেবে ভেবে তাৎক্ষনিকভাবে লুকিয়ে রেখেছ আমার জাগতিক-সম্পদ লোভাতুর চোখের সামনে থেকে।
জানো, আজকাল সময়ে সময়ে যখন তোমার সাথে কথা বলি তখন আমি যেন এক অপার সুখের সাগরে ভেসে যাই। এটাকে আমার খুব বড় পাওয়া মনে হয়। আমার এখন বলতে দ্বিধা নেই "তুমি ও তোমার প্রেম" আমার জীবনের নতুন সুখ। ফিরে পাওয়া ভালোবাসা, সেটা আবার তোমার, আমার কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। এ যে আমার পরম পাওয়া। তোমার প্রেম আমার কাছে স্বপ্ন, যেন এখন আমি বাস্তবের মাটিতে পা রেখে স্বপ্নের ভেতর উড়ান দিচ্ছি তোমাকে নিয়ে। এই চেষ্টাটা আমি সারাজীবন করে যাবো। সত্যি বলছি হৃদয়ের সব কাঁটর মত উচিয়ে থাকা ব্যাকুলতাকে তোমার জন্য করে দেব সুখের ফুলবাগান। ।
ভালোবাসি বড় ভালোবাসি তোমায়, এর বেশী ভালোবাসা যায় না । তুমি আমার মুছে যাওয়া মেয়েবেলা থেকে জ্ঞানে অজ্ঞানে সঙ্গে রয়েছো। মায়ের মুখের ছড়া গানের মধ্য তোমার সাথে প্রথম পরিচয়, কল্পলোকবাসী কৈশোরে নিজেকে উজাড় করার আনন্দের তোমার হাত ধরে হারিয়ে যাওয়া,প্রথম প্রেমপত্রও তোমার বকলমে লেখা গো সই, প্রথম প্রেমে পড়ার গুনগুনানিও তো তোমার কানেকানেই শুনিয়েছি। প্রথম মা হবার আনন্দও তোমার সাথে সমান গৌরবে ভাগ করে নিয়েছি। আত্মজাকে উত্তরাধিকার সূত্রে দিয়েছি তোমার নক্শীকাঁথা আঁচলে আঁকিবুকি কাটার অধিকার। আর কত বলি? তুমিযে আমার আত্মার আত্মীয়,আমার মনের মানসী,অন্তরের অস্তিত্ব।তোমায় ছাড়া বাঁচি কি করে বলো?
“সূর্যের বুকে আছে যতোটা আলো
তারও বেশী তোমাকে বেসেছি ভালো,
চাঁদের গায়ে আছে যতোটা রোশনী,
তারও বেশী ভালোবাসি গো অভিমানিনী”



কলকাতা ।

মৌ দাশগুপ্তা মৌ দাশগুপ্তা Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.