শঙ্কর দেবনাথ
















স্বৈরলাটাই


রাত ঋতুমতী হয়।
অন্ধকার জ্বলে ওঠে।
ছন্দরা নাচে।

বোধের গভীর থেকে
নক্ষত্রযুবতী চোখ মেলে।
হাসে।
ইশারা পাঠায়।

মানচিত্র মুছে যায়।

সুতো ছেঁড়ে।

পড়ে থাকে স্বৈরলাটাই।


ঘুমের গহনে


ঘুম আসে।
পাশে শোয়।
হাসে।
আমাকে জড়ায়।
গল্প শোনায়।
আর---
টেনে নেয়
মৃত্যুর কোণায়।

দেখি-
মৃত ফুলগুলো
চটুল আলোয় নাচে।

জীবন-বধুর চুল থেকে
মধুর মধুর ঘ্রাণ ভাসে।

ঘুমের গহনে মৃত্য
বারবার আসে।


গোলাপি প্রলাপ


তোমার চোখের মধ্যে
মহাকাশ ভেসে ওঠে
                       আর
নক্ষত্ররমণী সশরীরে
              ঢুকে পড়ে
         আগ্নেয় গহ্বরে

তবু
শীতলতা গলে গলে
              শুন্যপথে
আকাশগঙ্গা বয়

তোমার শাড়ির পালে
        প্রেমিক বাতাস লেখে
            নিঃশব্দ মায়ায়
                নীল নীল জ্বর
যার রঙিন উষ্ণতা থেকে
                   ঝরে পড়ে
                     গোলাপি প্রলাপ

জীবন ও মৃত্যু খেলে
            লুডো আর সাপ




শঙ্কর দেবনাথ শঙ্কর দেবনাথ Reviewed by Pd on জুলাই ১১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.